
ভোলা প্রতিনিধি:বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘জুলাই সনদ নিয়ে আমরা আগেও যেটা বলেছি, এখনো বলছি। জুলাই সনদকে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে আমাদের আর বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা যেন জুলাই সনদের বিরুদ্ধে। আমরা জুলাই সনদকে মানি এবং প্রতিটি দফাকে সম্মান করি।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে ভোলা শহরের উকিলপাড়া বাসভবনে তার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমি আগেও বলেছি জুলাই সনদের স্পিরিটটাকে আমরা ধারণ করব এবং একই সময়ে আমরা সংবিধানকেও রেসপেক্ট করব। আমরা আমাদের মতো করে করব। এটি নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীও আশ্বাস দিয়েছেন।এটাকে নিয়ে বিরোধী দল শুধু শুধু এ রকম একটা বিভ্রান্তি সৃষ্টি করে যে আমরা এটা মানি না বা মানব না এবং প্রতারণা করছি। আমার মনে হয়, প্রতারণা কথাটা অনেক শক্ত, এখান থেকে বিরোধী দলের সরে আসা উচিত।’
তিনি আরো বলেন, ‘ভোলা-বরিশাল সেতু অনুমোদন হয়েছে। এটির ব্যাপারে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে।খুব শিগগির একনেকের মিটিংয়ে এটি অ্যাপ্রুভ হবে। মেডিক্যাল কলেজের বিষয়টি সরকার মোটামুটি অনুমোদন দিয়েছে, মেডিক্যাল কলেজ হবে এবং এটা ভোলা সদরেই হবে। ৪২ দিনে ভোলাবাসীর জন্য আমাদের এই দুটি অর্জন।’