
আব্দুস সামাদ শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার ও মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ছাড়া লালন নামে এক ব্যক্তির দোকান জোরপূর্বক ভাড়া নেওয়াকে কেন্দ্র করেও সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মসজিদ কমিটি গঠন নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।