
মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লায় বিদেশি অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত হিরন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম আকাশ (৩২) ও নগরীর রেইসকোর্স এলাকার মৃত গোলাম মোস্তফা ভূঁইয়ার ছেলে মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২)।
জেলা ডিবির ওসি মো. শামসুল আলম শাহ জানান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে জেলার আদর্শ সদর উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশরাফুল ইসলাম আকাশ ও শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি নামে দুই সন্ত্রাসীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও দেখানোমতে ঘোড়ামারা এলাকার একটি চারতলা ভবনের মোবাইল টাওয়ারে অভিনব কৌশলে লুকানো অবস্থায় একটি ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) যত্নের মায়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক ও আশরাফুল ইসলাম আকাশ একই প্রতিষ্ঠানের কর্মচারী।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।