আব্দুস সামাদ
শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। বুধবার (১৮ মার্চ) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, শৈলকুপা থানাধীন লাঙ্গলবাধ গ্রামের একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন।
আটকরা হলেন— মোঃ উজ্জ্বল বিশ্বাস (৪০), পিতা মৃত আমজাদ বিশ্বাস এবং শুকনাল (৩৪), পিতা মোঃ ছাদেক শেখ। তারা উভয়েই লাঙ্গলবাধ গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উজ্জ্বল বিশ্বাসের হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১০টি পলিথিন প্যাকেটে মোড়ানো প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে শুকনালের রান্নাঘরের ভেতর খড়কুটা দিয়ে ঢেকে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে আরও ৯টি প্যাকেটে মোড়ানো ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৯ কেজি ১০০ গ্রাম।
র্যাব সদস্যরা জানান, জব্দকৃত গাঁজার প্রতি কেজির আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় প্রায় ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে টর্চলাইটের আলোতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকারীরা দীর্ঘদিন ধরে যোগসাজশে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শৈলকুপা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন
মোবাইল :০১৯৩০-৫৫৬৩৪৩
ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত